কবি দেবাশিস মন্ডল

দুটি কবিতায়

কবি দেবাশিস মন্ডল



সম্পর্ক ও নদী

সম্পর্কের মাঝ দিয়ে বয়ে চলা
নদীটিতে মাঝে মাঝে বান ডাকে।
স্রোত মত্ত হয়ে উঠে, পাড় ভাঙার খেলায়।
পুরাতন সাঁকোর ভীত নড়বড়ে হয়ে থাকে,
দুলতে থাকে সামান্য ভারেই।
সাঁকো ছাড়াও একটি ছোট্ট ডিঙি
দুই পারে যাওয়া-আসা করে।
নদীতে বান এলে টলমল করতে থাকে
ডিঙিটিও।
স্রোত তাকে গন্তব্যের বেশ কিছু দূরে
ভাসিয়ে নিয়ে যায় ...
সময়ের সঙ্গে সমঝোতায় বান হয়তো সরে যায়,
নদীর জলেরও তো একটা গন্তব্য আছে।
শুধু রয়ে যায় কিছু ক্ষতচিহ্ন,পাড় ভাঙার শব্দ...
যা আঘাত করেছে সম্পর্কের কানে।
শব্দের তীব্রতা থেকে ককলিয়া বাঁচাতে
এ সময় পিছিয়ে আসতে হয়।
দৃষ্টি থাক্ সম্পর্কের পায়ের নিচে,মাটিতে।
নিরাপদ দূরত্ব বজায় রেখে
খুঁজে নিতে হবে ফাটল ...

তারপর, বান সরে গেলে
বাঁধ দিতে হয়.


ওজন

ডিজিটাল ওজন মেশিনের উপর
উঠে দাঁড়ালেই, ইলেকট্রনিক্স স্ক্রিনে
ওজন সূচক সংখ্যা ফুটে ওঠে।
আঙুলের সামান্য স্পর্শেই,ইচ্ছে মতো এককে
বদলে ফেলা যায় সংখ্যাটিকে।
কখনও কখনও এভাবেই
শারীরিক ওজন মাপি আমরা।

মাঝে মাঝে বৃত্তের কেন্দ্রে গিয়ে দাঁড়াতে হয়,
চেনা অথবা অচেনা...
এভাবেও নিজের ওজন মেপে নেওয়া যায় ।

Comments

Popular posts from this blog

কবি প্রদীপ্ত সামন্ত

কবি মণিশঙ্কর