কবি অরুণ পাঠক
দুটি কবিতায় কবি অরুণ পাঠক
একটা পোকার গল্প
আমরা খুব কাছে যেতে চেষ্টা করছি। তরঙ্গ থামিয়ে দিচ্ছে।
আমাদের অন্তঃস্থ অহংকার জড়ের মতো দাঁড়িয়ে পড়েছে বহুযুগ।
হয়তো সামান্যতম টলে উঠি কিন্তু টান পড়ে, একা হয়ে যাই।
একটা পোকার গল্প, গোবরের জ্ঞান ছেড়ে পদ্মফুলে বসতেই ব্রহ্মজ্ঞান হল, এবার সেই-ই ব্রহ্ম।
যদিও আমার রাস্তায় অনেক কাঁটা রেখে গালিচা বিছানো, আর তার পরেই শ্মশান...
একজন বসে আছেন পায়ের শুশ্রূষা করবে বলে।
মর্মার্থ
মেঘের ওপার থেকে উঁকি দিচ্ছ হাওয়ায়, ঈথারে
ঘর জানে পর তুমি, অপরে আপন
কথা বলা মাংসল পুতুল, এই তো স্বপ্ন, জীবনের জলবিভাজিকা, অনুবর্তী শেকড়ের আপন উত্থান
সোনাদানা হারালেই মাটি, মানুষ হারালে সে আকাশ
মহাকাশে মর্মার্থ আঁকা হয়ে আছে, সে জগত
তোমার নিজের। এই গোধূলি দেশ, এই রাঙা প্রভাতের ঐশ্বর্যে আমাদের কণামাত্র নেই
নির্ভার রংহীন এক আভিজাত্য থেকে দেখা যায়
সমস্ত শূন্যতা ভেদ করে কীভাবে এসব উপেক্ষা করেছি

Comments
Post a Comment