কবি অরিন্দম প্রধান
দুটি কবিতায়
কবি অরিন্দম প্রধান
উষ্ণীষ
অনেকটা উপরে বাস করে আমার সহাস্য মেঘজলভরা চোখ নামতে নামতে শুকিয়ে যায়
পাড়ার লোকেদের কাছে মিনতি জানাই
কিছু খোলাখুলি স্বাধীন বাস্তব ভেবে...
উড়তে লাগে না কোনো ডানা
একটা দোলনায় চাঁদ ঝুলে
দুলতে থাকে জলভরা চোখ আর কিছু
আবহমান দ্যুতি
সে আলো ভাগ করে ভূখণ্ডের আকাশ।
কবে যে মেয়েরা বড় হয় !
সারস হয়ে সূর্য জাগায় মাঠে-ঘাটে
কেউ টের পায় না
প্রত্যেকে উড়ন্ত ছায়াঘন আবেগ
আমি কেবল থিতু হয়ে বসে থাকা পাহাড়-বুড়ো
আমার উষ্ণীষ ভিজে যায় অপ্রতুল চাতক জলে।
সাপের খেলা
তারা পরস্পর পরস্পরের মুখ খুঁজছে
একে অপরকে অবলম্বন করে স্বপ্ন ধরতে চায়,
ছুঁতে চায় চোখ--
ঠোঁট খুঁজতে খুঁজতে উঠে যাচ্ছে মেঘ পর্যন্ত
অথচ তাদের মেরুদণ্ড নেই
শুধু ভালোবাসায় কিছু সময় কাটাবে বলে
সরীসৃপ হয়েও
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ।
আমরা মেরুদণ্ডীরা ন্যুব্জ হয়ে
ছিঁড়ে খাচ্ছি নারীর শরীর !

Comments
Post a Comment