কবি প্রাণজি বসাক
দুটি কবিতায়
কবি প্রাণজি বসাক
ভুলের ছায়া
কতকিছু বন্ধ হয়ে যায় --- থেকে যায় শুধু ভুলটুকু
মনে হয় সারাটা জীবন তোমাকে শুধু বলে যাই
হিসেবটুকু --- সত্য অসত্য নানান নিরিখ ও ছবি
ঝরাপাতারও কি কোনো শব্দ ধরা থাকে মননে
একদিন প্রিয়তম শুভ জন্মদিন উৎসবে ঝলমলে
শপিংমলে কাটা হলো ঢাউস কেক তোমারই নামে
বাংলাভাষা মাতৃভাষা প্রিয় সুরে গুনগুন গান ধরে
নেমে এলে সাহসী আলোয় --- সে এক অনন্য ছবি
কোথাও কোনো বড়সড় বৃক্ষ নেই ছায়াও নেই
ভুলের কোনো ছায়া থাকে না --- থাকে না ছবিও
অতলে অন্ধকারে
একের পর এক স্রোত ভাঙছি --- যা খুঁজছি
তা বুঝি কখন ওলটপালট স্রোতে ভেসে গেছে
ধারাবাহিক স্রোতের তলায় চোরাস্রোত থাকে
তার টানে বারবার ডুবে গেছি অতলে অন্ধকারে
ভাঙা মানচিত্র আরো আরও আবছা হয়ে ওঠে
ফুলের বাহার আপেল-চরিত্র এইসব সমাহার
আরও নেমে যাই ডুবে যাই অতলে অন্ধকারে
শীতের হিমে তীব্র সাদা বিস্তীর্ণ হয়ে আছো
রাতভর বিপন্ন নৌকা চলে বিপরীত স্রোতে
কেউ নেই --- তোমাকে খুঁজছিলাম জীবনভর
ছায়াপথ ধরে ভেসে যাই অনন্তকালের এ যাত্রা

Comments
Post a Comment