কবি সজল বন্দ্যোপাধ্যায়

 দুটি কবিতায়                                                              কবি সজল বন্দ্যোপাধ্যায়


চিতাকাঠ সব জানে

তুমি হাত ছেড়ে দিলে

আমি ছেড়ে দিই সব অভিমান !


ভুলতে চাই , শুধু ভুলতে চাই !


অন্ধকার গড়িয়ে যাক কোষ থেকে কোষে

ভালোবাসা ঘৃণায় ছিঁড়ুক শিরা

হারিয়ে যাক চেতনার সব অবশেষ

চোখের বাইরেটা ঢেকে যাক ঘন কুয়াশায় ।


মৃত্যু সবই চেনে

সংগীতের স্বরলিপি , জোছনার রঙ

কিন্তু কিছু হয়তো থেকে যায় !


জানে , সব জানে ওই চিতাকাঠ

তাই তুমি হাত ছেড়ে দিলেই

আমি ছেড়ে দিই সব অভিমান ।



কতটা ফুরোলে শেষ হয়ে যায় সব


জানিনা ঠিক কতটা ফুরোলে শেষ হয়ে যায় সব !

আবার কি ফিরে আসা আসা যায় !

কতদিন দেখিনি ঘাসফুলে শিশির বিন্দু

গোলাপ পাপড়িতে প্রজাপতি বসা

লাল পাড় সাদা শাড়ি পরে সাজি হাতে

কাকভোরে বালিকাদের শিউলিতলায় কোলাহল ,

দেখিনি আরও কতকিছু অনেকদিন !


সারারাত বারুদ-স্নান করে মাঠের সবুজ ঘাস

বড়ই ক্লান্ত এই সাতসকালে

চারধারে শুধু হারানোর হাহাকার ,

এখন আর গাঙচিল ওড়ে না মতিঝিলের উপর

সাদা বকটাও কেমন যেন থমকে দাঁড়িয়ে থাকে এক পা'য়ে

এ সকাল শুরুর বার্তা বয়ে আনে না আর

চারধারে ইতস্তত ছড়িয়ে ফুরিয়ে যাবার নিদর্শন !


জানি আর ফিরে আসা যায় না

তবুও একটা প্রশ্ন থেকে যায় মনে

কতটা ফুরোলে শেষ হয়ে যায় সব !




Comments

Popular posts from this blog

কবি প্রদীপ্ত সামন্ত

কবি মণিশঙ্কর

কবি দেবাশিস মন্ডল