কবি বিকাশ দাশ

দুটি কবিতায়                                                            কবি বিকাশ দাশ


মানবতা 
 
আমরা যতটা হিন্দু কিম্বা মুসলমান  
ঠিক ততটা মানুষ নয়। 
আমরা ঠিক মুসলমান না,  ঠিক হিন্দুও না  
তাই মানুষের জন্য দুঃখ এনে দিই।  

ধর্ম কোনদিন মানুষ হতে শেখায় নি 
যতটা ধার্মিক হতে বলে ,  
কোন ধর্মই হাতে অস্ত্র তুলে দেয় না। 
তবুও প্রতিদিন রক্তাক্ত হয় রাজপথ  
ধর্মকে হাতিয়ার করে,  
আসলে সন্ত্রাসবাদীর কোন ধর্ম হয় না। 

এত  সন্ত্রাস চারিদিকে,  এত হত্যালীলা  
তবুও,  বাড়ি ফেরৎ মানুষের পায়ে পায়ে উঠে আসে নদী,   
গরুহীন গৃহস্থেও নেমে আসে গোধূলি। 

ডেকেছ যখন -যাবো

ঝরা বাঁশ পাতা
নিক্কণের ইশারায় ডেকেছ যখন - আমি যাবো।  
কিন্তু তার আগে -- 
ব্যালেন্সের দড়িতে হাঁটা মেয়েটি মাটিতে নামুক
বাবার ব্যবসায় অবাধ্য হয়ে স্কুলে যাক
চড়াই -শালিখে মিতালি করুক ; 
নজরবন্দি খেলায় যে মেয়েটি খুন হল এইমাত্র
সে বেঁচে উঠলে আমি যাবো।

মানুষ মানুষকে মানুষ জ্ঞান করলে  
কোন সন্তাপ না রেখে আমি যাবো।  
কোনদিকে  " না ' শব্দ ছড়াবো না
আমার তাল সুপারির বাগান ফেলে
আম - কাঁঠালের বাগান ফেলে
মায়ের আঁচল থেকে স্নেহভার আলগা করে
আমি ঠিক যাবো ।
যাওয়ার আগে জেনে যাবো
যে দুঃখ দিতে এসে ফিরে গেছে
সে ক্ষমা করেছে কি না
আমার তক্ষক ঘর আমাকে ক্ষমা করেছে কি না
 তারপর আমি যাবো হাসতে হাসতে

Comments

Popular posts from this blog

কবি প্রদীপ্ত সামন্ত

কবি মণিশঙ্কর

কবি দেবাশিস মন্ডল