কবি এস মনিরুদ্দিন

দুটি কবিতায়                                                            কবি এস মনিরুদ্দিন

গঞ্জের ঘাট


সময়ের থেকে বের হয়ে এসে এখানে দাঁড়াও।
এই প্রলুব্ধ গঞ্জের ঘাট বড় মোহময়ী। ছল ও চাতুরী বরাভয় হাতে পসরা সাজায়। অবসাদ কাকে সে জানে না। শুধু জানে,  কৃতকর্মের ফল
আশিরনখরে লিপিবন্ধন। শুধু জানে, মন
কেবলই পাথর ভাঙতে ভাঙতে পাথরপ্রতিমা।

যদি না পথের নুড়ি পাথরেরা আলস্য থেকে
ঘুরে দাঁড়ানোর মন্ত্রসিদ্ধ মধু পান করে, 
যদি না নদীর বহুগামিতার মুখে চন্দনচর্চিত সুখ
ঝরে ঝরে পড়ে,  যদি না তোমার হৃদিপদ্মের
গন্ধে আকুল দুখজাগানিয়া মন্ত্রোচ্চার-----
তাহলে কেন এ চৈত্রে শুধুই পল্লবিনী গো!

তার চেয়ে এই সময়ের থেকে বের হয়ে এসো।
এখানে দাঁড়াও। এই প্রলুব্ধ গঞ্জের ঘাট
চাতুরি সমেত বড় মোহময়ী।


শারীরিক

যতবার তাকে যাপন করেছি চিহ্ণে
শরীর,  শুধুই শরীরের তাপ।  মন নেই। 

অন্ধের মতো যত জড়িয়েছি তার হাত
তপ্ত বালির সঙ্গে  তুষার সংঘাত। 

আবেষ্টনীর ভেতরে বন্য নিঃশ্বাস
অস্তিত্বের  সমূহ ময়ালগ্রাস। 

তবু,  কী যে সুখ যাপনের যূপকাষ্ঠে
তার শরীরের সুগন্ধ বড় আঁষটে। 

Comments

Popular posts from this blog

কবি প্রদীপ্ত সামন্ত

কবি মণিশঙ্কর

কবি দেবাশিস মন্ডল