কবি সব্যসাচী সরকার
প্রশ্ন
রাতের দিকে ঘুম না এলে জোকার প্রায়ই পৌঁছে যায় পরিত্যক্ত সেই বাগানবাড়িতে, যেখানে এককালে হাতে রজনীগন্ধার মালা জড়িয়ে যেত। আহা, কী সব ফুরফুরে সন্ধে, মাংসের গন্ধে মিশে থাকত লিপস্টিক। তাকিয়ার খাঁজে নোটের বান্ডিল। বোতল ফুরোতে না ফুরোতে ভেসে আসত গানের কলি, ‘সে তো এলো না, এলো না…কেন এলো না… কেউ কি কোনওদিন সত্যিই এসেছিল?ডাইনি জানে সেসব? কোনওদিন দেখা হলে প্রশ্নটা করবে, ভাবে জোকার।
১৯৯২
গল্পের শেষটা খুঁজতে গিয়ে জোকার এমন একটা সুড়ঙ্গের সামনে দাঁড়াল, যার ভেতর থেকে ভেসে আসছিল নুপুরের ঝমঝম। তা হলে সন্ধেটা জমে যেতে পারে, এইটুকু ভেবে সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে চারদিক মেপে নিল সে। কিন্তু ভেতরে পা রাখার আগে বহু বছর আগে ডাইনির সঙ্গে জঙ্গলে কাটানো একটা সন্ধে উড়ে এসে জুড়ে বসল। জোকার ঘড়ি দেখল। তারপর ফিসফিস করে বলল, যাবে?
উত্তর এল না। বদলে কানের কাছে সেই ঝমঝম, যা সব সময়ই জোকারকে ঠেলে দেয় ১৯৯২-এর দিকে….

Comments
Post a Comment